ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

সুপার স্প্রেডারে পরিণত কুম্ভমেলার তীর্থযাত্রীরা

করোনা ভাইরাস মহামারির বিরুদ্ধে লড়াইয়ের মধ্যেই গত মাসে কুম্ভমেলার অনুমতি দিয়েছিল দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশ ভারত। এতে অংশ নিতে হিমালয় অঞ্চলের শহর হরিদ্বারে প্রায় এক কোটি হিন্দু ধর্মাবলম্বী হাজির হয়েছিলেন।


তখন অনেকেই আশংকা করেছিল, এই কুম্ভ মেলা এক "সুপার-স্প্রেডার ইভেন্ট", অর্থাৎ করোনা ভাইরাস ব্যাপকভাবে ছড়ানোর এক বড় অনুষ্ঠানে পরিণত হবে। এখন সেই আশংকায় কুম্ভ মেলা থেকে ফিরে আসা লোকজনকে পরীক্ষা করে কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়ছে এবং তারা যে সম্ভবত আরও লোকজনের মধ্যে সংক্রমণ ছড়িয়ে দিয়েছে - সেরকম খবর আসছে ভারতের অনেক এলাকা থেকে। খবর বিবিসি নিউজর


মাহান্ত শংকর দাস হরিদ্বারে এই উৎসবে যোগ দিতে এসেছিলেন ১৫ই মার্চ। তখন ভারতের অনেক অংশেই কোভিড-১৯ সংক্রমণ বাড়তে শুরু করেছে। উৎসব আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার চারদিন পর, এপ্রিলের ৪ তারিখে ৮০ বছর বয়সী এই হিন্দু পুরোহিত কোভিড পজিটিভ বলে পরীক্ষায় ধরা পড়লেন এবং তাকে একটি তাবুতে ফিরে গিয়ে কোয়ারেন্টিনে থাকতে বলা হলো। কিন্তু একাকী আলাদা থাকার পরিবর্তে মাহান্ত শংকর দাস তার ব্যাগ গুছিয়ে একটি ট্রেন ধরলেন এবং প্রায় এক হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে বারাণসী পৌঁছালেন।


সেখানে স্টেশনে তার ছেলে নগেন্দ্র পাঠক তাকে নিতে আসলেন এবং তারা আরও কিছু লোকের সঙ্গে একটি ট্যাক্সি শেয়ারে ভাড়া করে ২০ কিলোমিটার দূরের জেলা মির্জাপুরে তাদের গ্রামে পৌঁছালেন।


মাহান্ত দাস সম্প্রতি তার বাড়ি থেকে টেলিফোনে জানান, তিনি বেশ 'সুস্থ এবং সবল' আছেন, এবং বাড়ি ফিরে আসার পর থেকে কোয়ারেন্টিনে থাকছেন। মাহান্ত দাস দাবি করছেন, তার কাছ থেকে কেউ ভাইরাসে সংক্রমিত হয়নি। কিন্তু কয়েকদিনের মধ্যেই তার ছেলে এবং গ্রামের আরও কিছু মানুষের মধ্যে কোভিডের উপসর্গ দেখা গেল।


তার ছেলে নগেন্দ্র পাঠক জানালেন, তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন, কিন্তু গত দুই সপ্তাহে গ্রামে জ্বর এবং কাশির উপসর্গ নিয়ে ১৩ জন মারা গেছে। এই গ্রামে করোনা ভাইরাসের সংক্রমণ মাহান্ত দাসের মাধ্যমে ছড়িয়ে থাকতে পারে, আবার এটা নাও হতে পারে।


কিন্তু স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, তিনি দায়িত্বজ্ঞানহীন কাজ করেছেন। যাত্রীর ভিড়ে ঠাসা একটি ট্রেনে ভ্রমণ করে, শেয়ারের ট্যাক্সিতে চড়ে তিনি হয়তো পথে পথে অনেক জায়গায় ভাইরাস ছড়িয়ে দিয়েছেন।


রোগতত্ত্ববিদ ডাঃ ললিত কান্ত বলছেন, মাস্ক না পরে তীর্থযাত্রীদের বড় বড় দল যখন নদীর তীরে দাঁড়িয়ে গঙ্গার বন্দনা করছে, তখন আসলে এটি দ্রুত ভাইরাস ছড়ানোর এক আদর্শ পরিবেশ তৈরি করছে। আমরা জানি যে গির্জায় কিংবা মন্দিরে যখন সমবেত মানুষ এক সঙ্গে কোরাসে গান গায়, সেটি তখন একটি সুপার-স্প্রেডার ইভেন্টে পরিণত হয়।


হরিদ্বারের কর্মকর্তারা জানিয়েছেন, সেখানে ২,৬৪২ জন তীর্থযাত্রী কোভিড-পজিটিভ বলে ধরা পড়েছিল, যাদের মধ্যে কয়েকজন শীর্ষস্থানীয় ধর্মীয় নেতাও ছিলেন।


উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব, নেপালের সাবেক রাজা জ্ঞানেন্দ্র শাহ এবং সাবেক রাণী কমল শাহ এই কুম্ভমেলা থেকে ফিরে আসার পর পরীক্ষা করেন। তখন তাদের রিপোর্ট পজিটিভ আসে।


বলিউডের সঙ্গীত পরিচালক শ্রাবণ রাঠোরও এই কুম্ভমেলা থেকে ফেরার কদিন পর মুম্বাইয়ের এক হাসপাতালে মারা যান। মেলায় যোগ দিতে যাওয়া আরেকটি দলের নয় জন হিন্দু ঋষি মারা যান।


কুম্ভ মেলা থেকে ফেরা তীর্থযাত্রীরা অন্যদের মধ্যে সংক্রমণ ছড়াতে পারে এমন আশংকার মধ্যে কয়েকটি রাজ্য তাদের জন্য ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনের বিধান চালু করে। যারা কুম্ভ মেলায় যাওয়ার খবর চেপে যাওয়ার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেয়।


কোনো কোনো রাজ্যে এদের জন্য আরটি-পিসিআর টেস্ট বাধ্যতামূলক করা হয়। কিন্তু খুব কম রাজ্যেই আসলে কুম্ভ মেলায় যাওয়া লোকজনের কোন তালিকা আছে এবং কোন রাজ্যেই এমন নিশ্ছিদ্র কোন ব্যবস্থা নেই যেটি দিয়ে তাদের সীমান্ত দিয়ে কে ঢুকছে আর কে বেরুচ্ছে সেটার ওপর নজর রাখা যাবে।


গত দু'সপ্তাহ ধরে ভারতের সমস্ত জায়গা থেকেই এমন খবর আসতে শুরু করেছে যে কুম্ভ মেলা থেকে ফিরে আসা লোকজনকে পরীক্ষা করে কোভিডের সংক্রমণ ধরা পড়ছে:


# রাজস্থানের কর্তৃপক্ষ তাদের রাজ্যে, বিশেষ করে পল্লী এলাকায় দ্রুত কোভিড ছড়িয়ে পড়ার জন্য তীর্থযাত্রীদের দায়ী করছে


# পূর্বাঞ্চলীয় রাজ্য উড়িষ্যায় কুম্ভ মেলা থেকে ফেরা ২৪ জনের কোভিড-১৯ ধরা পড়েছে।


# গুজরাটে কুম্ভমেলা থেকে ফিরছে এমন ৩১৩ জন ট্রেন যাত্রীর মধ্যে ৩৪ জনের কোভিড ধরা পড়েছে।


# মধ্যপ্রদেশের একটি শহরে কুম্ভমেলা থেকে ফেরা ৬১ জনের মধ্যে ৬০ জনের, অর্থাৎ ৯৯ শতাংশই কোভিড-পজিটিভ পাওয়া গেছে পরীক্ষায়। কর্মকর্তারা এখন কুম্ভমেলা থেকে ফেরা আরও ২২ জনকে হন্যে হয়ে খুঁজছেন।


ডাঃ কান্ত বলেন, এটা একটা ভয়ংকর বিপর্যয় ডেকে এনেছে। আর এই সংখ্যাগুলো আসলে ভাসমান বরফখন্ডের চূড়া মাত্র। এই তীর্থযাত্রীরা যখন দলবেঁধে ভিড়ের মধ্যে ট্রেনে-বাসে ভ্রমণ করছে, তখন কিন্তু তারা সংক্রমণের হার বাড়িয়ে দিচ্ছে কয়েকগুণ। আমি কোন দ্বিধা ছাড়াই বলতে পারি, ভারতে যে করোনাভাইরাসের সংক্রমণ এত বাড়ছে, তার একটা প্রধান কারণ এই কুম্ভ মেলা।


সমালোচকরা বলছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে এই কুম্ভ মেলা বাতিল করতে চাননি, তার কারণ এটি করলে তিনি সম্ভবত মাহান্ত দাসের মতো ধর্মীয় নেতাদের দিক থেকে তোপের মুখে পড়তেন। এই হিন্দু পুরোহিত, ঋষি এবং গুরুরা বিজেপির বড় সমর্থক। তারা নির্বাচনের সময় হিন্দু ভোট জোগাড় করে দিতে বড় ভূমিকা রাখে।


কুম্ভ মেলার জন্য ১২ই এপ্রিল ছিল খুবই গুরুত্বপূর্ণ এক দিন। সেদিন গঙ্গা নদীতে স্নান করেছেন তিরিশ লাখের বেশি মানুষ। হিন্দুদের বিশ্বাস, এই গঙ্গাস্নানের মাধ্যমে তারা মোক্ষলাভ করবেন। আর সেদিন ভারতে ১ লাখ ৬৮ হাজার মানুষের কোভিড সংক্রমণ ধরা পড়ে। সংক্রমণের সংখ্যার দিক থেকে সেদিন ভারত ব্রাজিলকে ছাড়িয়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে চলে আসে।


গত সপ্তাহে কুম্ভ মেলার আয়োজকরা জানিয়েছিলেন, ৯১ লাখ তীর্থযাত্রী এবার হরিদ্বারে গিয়েছিলেন। অথচ উত্তরাখণ্ডে হাইকোর্ট বলেছিল, একটা ভয়ংকর মহামারির মধ্যে এই মেলার আয়োজন করতে দিয়ে এই রাজ্যটি সবার হাসির পাত্রে পরিণত হয়েছে। মেলার শুরু থেকেই এমন আশংকা ছিল যে এটির আয়োজন করা মানে অনেক ঝুঁকি ডেকে আনা।


মার্চের শুরুতেই স্বাস্থ্য বিশেষজ্ঞরা সরকারকে হুঁশিয়ারি দিতে থাকেন যে, এক নতুন এবং অনেক বেশি সংক্রামক ধরণের করোনাভাইরাস ভারতে ছড়িয়ে পড়ছে। তারা আরও বলেছিলেন, লাখ লাখ মানুষকে মাস্ক ছাড়া এরকম এক উৎসবে সমবেত হতে দেওয়া মোটেই বাস্তব-বুদ্ধিসম্মত কাজ হবে না।


হরিদ্বারের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শম্ভু কুমার ঝা আমাকে জানিয়েছিলেন যে, সেখানে জনতাকে সামলানো অসম্ভব হয়ে পড়েছিল, কারণ লোকজন কোভিড পরীক্ষার নেগেটিভ রিপোর্ট নিয়ে সেখানে আসেনি। আর ধর্মবিশ্বাস পালনের জন্য যারা বহুদূরের পথ পাড়ি দিয়ে সেখানে এসেছিলেন, এদেরকে তারা ফিরিয়েও দিতে পারছিলেন না।


উত্তরাখণ্ডে গত বছরের ১৫ই মার্চ প্রথম করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়ার পর থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য সংগ্রহ করছেন। তিনি জানান, তীর্থযাত্রীরা যখন কুম্ভ মেলায় আসতে শুরু করেছিল, তখন ১৪ থেকে ২০ মার্চের মধ্যে ৫৫৭টি সংক্রমণ ধরা পড়ে। এরপর অতি দ্রুত সংক্রমণ বাড়তে থাকে। কুম্ভ মেলার শেষ সপ্তাহে ২৫ এপ্রিল হতে ১ মে পর্যন্ত ৩৮ হাজার ৫৮১টি সংক্রমণ ধরা পড়ে।

ads
ads
ads

Our Facebook Page

↑